কুষ্টিয়ার খোকসায় দোকান থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আদালত ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক রেজা মো. আলমঙ্গীর হাসান এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হল মুনসুর আলী, খোকন, আইয়ুব আলী, সাহেব আলী, (জেল হাজতে আটক) আজিজুল ও অসিত কুমার পাল। এদের সবার বাড়ি খোকসা উপজেলার আমলাবাড়ী গ্রামে।
উল্লেখ্য, ২০১১ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় আমলাবাড়ি গ্রামের মনছের শেখের ছেলে ফারুক হোসেন (১৬) ও আসামি খোকনের সাথে বাইসাইকেল কেনা নিয়ে বিরোধের জের ধরে আসামিরা ফারুক হোসেনকে তার আমলাবাড়ি বাজারের দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করে।
পরদিন ২৪ অক্টোবর সকালে ধান ক্ষেতে ফারুকের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পরিবার ও পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত ফারুক হোসেনের চাচাতো ভাই লিটন হোসেন বাদী হয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ কয়েকজনের বিরুদ্ধে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
রাষ্ট্রপক্ষ একাধিক স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী। তাকে সার্বিক সহযোগিতা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গালিব এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সিরাজ-উল ইসলাম, অ্যাডভোকেট মীর আরশেদ আলী ও অ্যাডভোকেট আবু সাইদ।
এমকে





