রাজশাহীতে অপহৃত ১০ম শ্রেণীর স্কুল ছাত্র আরাফাতুল ইসলাম জিসাদ (১৬)কে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ অপহরণকারী চক্রের ৭ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় মহানগরীর টি-বাঁধ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে জিসাদকে উদ্ধারসহ চক্রের সদস্যদের আটক করা হয়। জিসাদ চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকার আনারুল ইসলামের ছেলে। শনিবার সন্ধ্যায় র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

আটককৃতরা হলেন, অপহরণকারী চক্রের মূল হোতা রাজশাহীর হেতেম খাঁ কারিগরপাড়া এলাকার মাহাবুব খন্দকারের ছেলে সোহাগ খন্দকার (২৬), ভদ্রা জামালপুর এলাকার আব্দুল মোত্তালিবের ছেলে ইমাম মেহেদী (২৩), হজোরমোড় এলাকার সাহাবুদ্দিনের ছেলে ফাইসালুর জামান তুষার (১৯), শালবাগান এলাকার আনুয়ার উদ্দিনের মেয়ে বৃষ্টি আক্তার নুপুর (২০), নওদাপাড়া এলাকার আবু বাক্কার মেম্বারের ছেলে আলী হোসেন (২৮), নওগাঁ জেলার মান্দা থানার গোলাম মোস্তফার ছেলে সোহেল রানা (২৬), একই থানার গোসাইল এলাকার ফরহাদ আলীর ছেলে সুমন আলী (২২)।

র‍্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জিসাদ মহানগরীর আরডিএ মার্কেট সংলগ্ন আবাসিক ছাত্রাবাস মোল্লা ভবনে থাকত। গত ৩ সেপ্টেম্বর অপহরণকারী চক্রের পলাতক আসামী আব্দুর রহমান ওরফে মৃদুল, জিসাদকে বাইরে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে নগরীর উপকণ্ঠে কাঁটাখালি নিয়ে যায়। সেখানে পৌছামাত্রই আসামীগণ একত্রিত হয়ে তাকে আটকে রাখে।

পরে জিসাদের বাবার মোবাইল নাম্বারে ফোন দিয়ে ২লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি লিখিতভাবে জানালে শনিবার সকাল ১০ টায় অভিযান পরিচালনা করে ২ টি ষ্টীলের চাপাতিসহ অপহরণকারী চক্রের সদস্যদেরকে আটক ও তাদের জিম্মি থেকে অপহৃত জিসাদকে উদ্ধার করা হয়।

এম এ