সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (০৩ জুন) বিকেল সোয়া ৪ টায় সফরসঙ্গীদের নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
সৌদি আরব সময় রাত ৮টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি গোলাম মসীহ এবং সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এ সময় শেখ হাসিনাকে সৌদি সেনাবাহিনীর একটি বিশেষ সুসজ্জিত দল গার্ড অব অনার দেবে।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সৌদি সফরকালে জেদ্দার রয়্যাল কনফারেন্স প্যালেসে অবস্থান করবেন। শুক্রবার রাতেই পবিত্র মক্কা নগরীর হেরেম শরিফে (মসজিদ-আল-হারাম) ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী।
পরদিন শনিবার (০৪ জুন) বিকেলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি কমপ্লেক্স ও বাংলাদেশ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এরপর রোববার (০৫ জুন) জেদ্দা নগরীর আল আন্দালুসে সৌদি বাদশাহর আল সালাম প্রাসাদে যাবেন শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ।
আল সালাম প্রাসাদেই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক হবে সৌদি বাদশাহ সালমানের। সেখানে দ্বি-পক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়া নিয়ে আলোচনা হবে উভয়ের মধ্যে।
প্রধানমন্ত্রীর এ সফরে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, দ্বি-পক্ষীয় ব্যবসা-বাণিজ্য, বিভিন্ন প্রকল্পে সৌদি সহযোগিতা বাড়ারো এবং হজ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।
এমআর





