কক্সবাজারে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা করা হয়েছে।
আজ (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নে পূর্ব রত্নাপালং গ্রামে নিজেদের ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- দুবাই প্রবাসী রোকেল বড়ুয়ার মা সুখিবালা বড়ুয়া (৬৫), রোকেলের স্ত্রী মিলা বড়ুয়া (২৬), তাদের ছেলে রবিন বড়ুয়া (২) এবং রোকেলের ভাই শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়া (৯)।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে চারটি লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর জানান, গভীর রাতে উপজেলায় পূর্ব রতনাপালং এলাকায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা এক প্রবাসীর মা, স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
ওসি আরও জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নিহতদের লাশ দেখে পুলিশের খবর দেন। লাশ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে।
এমবি





