প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অসাধারণ গতিধারার প্রশংসা করেছেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে সেনা ও পুলিশ অবদানকারী দেশ হিসেবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অব্যাহত নেতৃত্বেরও প্রশংসা করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।

গতকাল রোববার (২৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

জাতিসংঘ মহসিচব চলমান বৈশ্বিক সংঘাতসহ আর্থিক, জ্বালানি ও খাদ্য সংকট এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থনের কথাও ‍পুনর্ব্যক্ত করেন।

স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জাতিসংঘ সদর দপ্তরে আন্তোনিউ গুতেরেসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৈঠকে গুতেরেস বলেন, কিছু ইউরোপীয় দেশ যেমন লাটভিয়া, এস্তোনিয়া, বেলিজিয়াম এবং নেদারল্যান্ডসে সারের কাঁচামাল পর্যাপ্ত মজুত রয়েছে; যা বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে আমদানির কথা বিবেচনা করতে পারে।

এ তথ্যের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে মোমেন বলেন, বাংলাদেশ এই সুযোগ কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করবে। জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার ভূয়ষী প্রশংসা করেন এবং তাদের মাতৃভূমিতে ফেরাতে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত উপস্থিত ছিলেন।

এবিএস