চাঁদপুরে পুলিশের ওপর হামলা করে এক মাদকবিক্রেতাকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা।
হাইমচর উপজেলার দক্ষিণ আলগী এলাকায় সোমবার গভীর রাতে ওই হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে হাইমচর থানার ওসি ওয়ালী উল্যাহ জানিয়েছেন।
তিনি জানান, রাতে জসিম ভূঁইয়া নামের এক মাদকবিক্রেতাকে ইয়াবাসহ আটকের পর থানায় নেওয়ার পথে হামলার মুখে পড়ে পুলিশের দলটি।
“জসিমের সহযোগীরা দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পুলিশের একটি শটগান ছিনিয়ে নেয়। এসময় পুলিশ ফাঁকা গুলি করলে হামলাকারীরা হাতকড়া পরা অবস্থায় জসিমকে নিয়ে পালিয়ে যায়।”
ছিনিয়ে নেওয়া শটগানটি পরে পরিত্যক্ত অবস্থায় ওই এলাকা থেকে উদ্ধার করা হয় বলে জানান ওসি ওয়ালী উল্যাহ।
আহতরা এসআই ইউনুস মিয়া, এএসআই আবুল কালাম, মো. আনোয়ার, মো. আজাদ ও কনস্টেবল মো. হালিমকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জসিম ও তার সহযোগীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি।
এএইচ





