বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কাজী মোহম্মদ মহসিনকে (৪৫) হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৬ জুন) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ আকরাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কাজী মহসিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বাগেরহাট আদালতের পুলিশ পরিদর্শক আলী নেওয়াজ জানান, একটি হত্যা মামলার আসামি কাজী মহসিন দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ জুন মহসিনের সমর্থকরা ব্রক্ষ্মডাঙ্গা গ্রামের হাফিজুল সরদার (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে। ওই সময় আরও দু’জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা ওই গ্রামের তিনটি বাড়ি ভাঙচুর করে।

এ ঘটনার পরদিন নিহত ব্যক্তির বড় ভাই আজিজুর রহমান বাদী হয়ে চেয়ারম্যান কাজী মহসিনকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট/১০ জনের বিরুদ্ধে ফকিরহাট থানায় হত্যা মামলাটি করেন।

ওএফ