রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে ফেনসিডিলসহ এক যুবলীগকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ (০৮ ডিসেম্বর) রোববার সকাল রাজশাহীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম হাসান কবির (৩৫)। জেলার গোদাগাড়ী উপজেলার ডোমকুলি গ্রামে তার বাড়ি। বাবার নাম আবদুল আজিজ।
হাসান কবিরকে আটকের সময় তিনি জেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক চৌধুরীর সমর্থনে সরবরাহ করা হলুদ রঙের টি-শার্ট পরে ছিলেন। টি-শার্টে ফারুক চৌধুরীর ছবিও আছে।
জানা গেছে, আটক হাসান কবির যুবলীগকর্মী। তার বাবা গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। হাসান নানারকম অপকর্মের সঙ্গে জড়িত।
রাজশাহীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রোববার (০৮ ডিসেম্বর) সকাল থেকে জেলা আওয়ামী লীগের সম্মেলন চলছে। এই মাঠে প্রবেশের প্রধান ফটকে পুলিশ তল্লাশি করে সবাইকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। তখনই ফেনসিডিলসহ ধরা পড়েন হাসান।
নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক হোসেন তাকে আটক করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, তল্লাশির সময় হাসান কবিরের কোমরে এক বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় তাকে আটক করে থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমবি





