বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পদায়ন ও বদলিসংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন আসিফ মাহমুদ।
এনসিপি জানিয়েছে, সংবাদ সম্মেলনে অভিযোগের প্রেক্ষাপট, সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা এবং এ বিষয়ে দুদকের মুখপাত্রের দেওয়া বক্তব্যের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ও নথিপত্র উপস্থাপন করা হবে।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও বক্তব্যে যেসব তথ্য প্রচার করা হয়েছে, সেগুলোর প্রকৃত তথ্য ও ঘটনাপ্রবাহ জনসম্মুখে তুলে ধরতেই এ বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে একটি উপস্থাপনার মাধ্যমে অভিযোগগুলোর বিভিন্ন দিক ও সংশ্লিষ্ট তথ্য তুলে ধরবেন এনসিপির মুখপাত্র। এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি।
এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত এক বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, অধিকারকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার পক্ষের বক্তব্য ও নথিপত্র প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি নিয়ে চলমান আলোচনা আরও স্পষ্ট হবে বলে আশা করছে এনসিপি।
এনএইচ