বিতর্কের মধ্যদিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৯ আগস্ট পালিত হয় ‘বিশ্ব আদিবাসী দিবস’।

‘বিশ্ব আদিবাসী দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাড়াও এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

বেলুন উড়িয়ে ‘আদিবাসী দিবস’র উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিদ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী, প্রফেসর সাদেকা হালিম, প্রফেসর রোবায়েত ফেরদৌস, কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহেদুল ইসলাম সেলিম, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রংল প্রমুখ।

এদিকে, বাংলাদেশের উপজাতিদের আাদিবাসী দাবী করা, তার সপক্ষে অনুষ্ঠান, আন্দোলন ও কর্মতৎপরতা পরিচালনা করা আইন করে বন্ধ করার’ দাবী জানিয়েছে পার্বত্য বাঙালীদের ৫ সংগঠন।

বাঙালীদের সংঘঠনগুলো বলেছেন, ‘বাংলাদেশের বাঙালীরা হাজার হাজার বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করছে। কিন্তু ৩-৪ শ বছর আগে বিভিন্ন দেশ থেকে এসে বাংলাদেশে স্যাটল করা কিছু উপজাতীয় জনগোষ্ঠী এখন নিজেদের আদিবাসী দাবী করছে। তাদের এই দাবী পেছনে রাষ্ট্রের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে’।

সরকারকে ধন্যবাদ জানিয়ে পার্বত্য বাঙালী নেতৃবৃন্দ জানান, ‘আমরা জানি সরকার তাদের এই ষড়যন্ত্র সম্পর্কে সম্যক অবিহিত।তাই বিভিন্ন সময় বিভিন্ন সার্কুলারের মাধ্যমে সরকার দেশে বিদেশে তাদের অবস্থান পরিস্কার করেছে।

কিন্তু উপজাতীয় স্যাটেলার ও তাদের পৃষ্ঠপোষকরা এই সার্কুলার মানতে রাজি নয়। তাই অবিলম্বে আইন করে উপজাতীয় স্যাটেলারদের আদিবাসী দাবী করা বন্ধ করতে হবে’।

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর প্রেসক্লাবে এক বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশে পার্বত্য চট্টগ্রামে বাঙালী অধিকার নিয়ে আন্দোলন রত ৫ বাঙালী সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় এসব কথা বলেন।

সংগঠনগুলো হলো: পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর সভাপতি সাহাদাৎ ফরাজী সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন, সম-অধিকার আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান মনির, পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় মহাসচিব এ্যাডভোকেট পারভেজ তালুকদার, মোসতাক আহমদ ভাসানী, এ্যাডভোকেট আলম খান প্রমুখ।

এসএম