জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ঝিনাইদহে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মঙ্গলবার সকাল ১১টায় বিক্ষাভ মিছিল বের করা হয়। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে গিয়ে সমাবেশ করে। পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা সমাবেশে সভাপতিত্ব করেন।
প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাকশালে ফিরে যেতে এ সম্প্রচার নীতিমালা করেছে। জনবিচ্ছিন্ন এ অবৈধ সরকার গায়ের ও বন্দুকের জোরে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।’
ঝিনাইদহবাসীকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে গণআন্দোলনে বিএনপির পাশে থাকার আহবান জানান তিনি।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





