ক'দিন আগের শুকনো তিস্তায় ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে অসাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপরে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পানি বৃদ্ধি শুরু হয়ে শুক্রবার বিকাল পর্যন্ত তা অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবক’টি (৪৪টি) গেট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।

পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা নদী সংলগ্ন চরগ্রাম চরখড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি, বাইশপুকুর, পশ্চিম বাইশপুকুর, ছোটখাতা, বানপাড়া খগাখড়িবাড়ি, গয়াবাড়ি,ডাউয়াবাড়ি, শৌলমারী, কৈমারী এলাকার চরগ্রাম গুলোর সহস্রাধিক পরিবার প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোডের পাউবো ডালিয়া ডিবিশনে অবস্থিত বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বিপদসীমা ৫২ দশমিক ৪০ মিটার) ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে যা বৃদ্ধি পেয়ে শুক্রবার সকাল ৬টায় ২৩ সেন্টিমিটার ও বিকাল ৩টায় ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
তিস্তা অববাহিকায় বসবাসকারীরা জানিয়েছেন, উজানের ঢল ও মুষলধারে বৃষ্টির কারণে বন্যা কবলিত পরিবার গুলো চরম দুর্ভোগের মুখে পড়েছে।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





