মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যার এ ঘটনায় দুই প্রার্থীর সমর্থকদের মারধর, নির্বাচনী ক্যাম্প, মাইক্রোবাস ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাকহাটী বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহসীনা হকের (প্রতীক আনারস) নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ সময় ওই ক্যাম্পের ভেতর থাকা ১০ জন সমর্থককে মারধর করা হয়। এসব ঘটনার জন্য চেয়ারম্যান প্রার্থী মহসীনা হক তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন।

এদিকে ক্যাম্পে হামলা-ভাঙচুরের খবর পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণাকালে তার সমর্থকদের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের দুটি মাইক্রোবাস ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

এ প্রসঙ্গে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ইউনুচ আলি বলেন, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৮ মে মোল্লাকান্দিসহ সদরের ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমআর