জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে জাপানকে সমর্থন দিয়ে বাংলাদেশ প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে দুই নেতার মধ্যে এ বৈঠক শুরু হয়। গণভবনের শিমুল কনফারেন্স হলে প্রথমে দুই নেতার একান্ত বৈঠক হয়। পরে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক।
বৈঠক শেষে বিকাল পৌনে ৬টার দিকে গণভবনের চামেলি কনফারেন্স হলে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হন।
এর আগে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রেলমন্ত্রী মজিবুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে দেশটির সফররত উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে জাপানের প্রধানমন্ত্রী ১৫০ জনের প্রতিনিধি দল নিয়ে একটি বিশেষ বিমানে ঢাকায় অবতরণ করেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এ সময় জাপানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
পরে জাপানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি ও ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
বিকাল ৩টায় সোনারগাঁও হোটেলের বলরুমে জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামের সঙ্গে বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





