সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হবিগঞ্জের সুতাং এলাকায় আটকা পড়েছে। ফলে চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি আটকা পড়েছে। ত্রুটি সরানোর চেষ্টা চলছে।

ট্রেন আটকা পড়ায় চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও জানান তিনি।

এর আগে, বুধবার রাত ৩টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইউসুফপুরে যান্ত্রিক ত্রুটির কারণে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

ওই দুর্ঘটনায় আহত হন ৩৫ যাত্রী। বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জেএ