আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
মঙ্গলবার এফবিসিসিআই থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হরতালের মতো নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। নাগরিক জীবন, উৎপাদন ব্যবস্থা, পণ্য সরবরাহসহ দৈনন্দিন কার্যক্রম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। হরতালে দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম ভীষণভাবে বিঘ্নিত হবে এবং তা সামগ্রিকভাবে অর্থনীতি, বাণিজ্য ও নাগরিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিচারিক রায়কে কেন্দ্র করে হরতাল আহ্বান কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তির উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। বিচারের রায়কে কেন্দ্র করে নেতিবাচক কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির প্রয়াস কোনোভাবেই কাম্য নয়।
এএইচ





