নারায়ণগঞ্জ নগর বিএনপির সেক্রেটারী এটিএম কামালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টায় শহরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকাতে অবরোধ সমর্থনে মিছিল বের করার সময়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জে বিএনপির এ নেতার বিরুদ্ধে সাম্প্রতিক অবরোধে পুলিশের উপর হামলা, যানবাহন ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে দ্রুত বিচার আইন সহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সকালে এম সার্কাস এলাকাতে মিছিল করার সময়ে এটিএম কামালকে গ্রেফতার করা হয়।
এদিকে এটিএম কামালকে গ্রেফতারের পর কিংবা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের আশংকা করছে পরিবারের লোকজন। সম্প্রতি নারায়ণগঞ্জ সদর মডেল থানার একজন এস আই কামালকে গ্রেপ্তারের তল্লাশীর সময়ে প্রয়োজনে পায়ে গুলি করার হুমকি দেন।
বিষয়টি পরে লিখিতভাবে পুলিশ সুপারকে জানানো হয়। তাছাড়া স্থানীয় আওয়ামী লীগ তো বটেই বিএনপির একটি অংশেরও তিনি চরম বিরাগভাজন নেতা।
এএইচ





