ময়মনসিংহের ফুলপুর থানার পয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স চুরির ঘটনায় আটক আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এনামুল কবিরকে দশ হাজার টাকা জরিমানা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাকে এই টাকা জরিমানা করেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই প্রার্থী ব্যালট পেপার নিয়ে দৌড় পালাচ্ছিলেন। এ কারণে পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দশ হাজার টাকা জরিমানা করেন।

এর আগে দুপুরে ফুলপুরের পয়ারীর ইমাতপুর ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স চুরি করে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের প্রার্থী এনামুল কবিরকে হাতে-নাতে আটক করে পুলিশ।

পরে তাকে আটকের প্রতিবাদে বিকেলে টায়ার জ্বালিয়ে ময়মনসিংহ-তারাকান্দা সড়ক অবরোধ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এম আর