আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) চিঠির জবাব দেয়ার শেষ দিন আজ।
রোববার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
কমিশন সূত্র জানায়, এখনো লিতিফ সিদ্দিকীর পক্ষ থেকে জবাব পাওয়া যায়নি।
এর আগে গত ১৩ জুলাই লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিইসিকে চিঠি দেয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
স্পিকারের চিঠি পাওয়ার পর পরই ইসি থেকে গত ১৬ জুলাই লতিফ সিদ্দিকীর বিষয়ে ব্যাখ্যা চেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও লতিফ সিদ্দিকীর কাছে চিঠি পাঠানো হয়।
সংসদ সদস্য (বিরোধ নিষ্পত্তি) আইন অনুযায়ী, স্পিকার কোনো সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণার বিষয়ে ইসিকে চিঠি দিলে পরবর্তী ১৪ দিনের মধ্যে তা উভয়পক্ষকে জানানো হয়।
যদি তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য থাকে তাহলে ইসির বেধে দেওয়া সময়ের মধ্যে জানাতে হবে। জবাব পাওয়ার পরে উভয় পক্ষের শুনানি করবে ইসি।
উল্লেখ্য, গত ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন।
এরপর প্রথমে মন্ত্রিসভা থেকে এবং পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় তাকে।
এমকে





