ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনি কলের (মোচিক) দেড়শ’ কোটি টাকার লোকসানের বোঝা মাথায় নিয়ে ও ৫২ কোটি টাকার চিনি অবিক্রীত রেখে আখ মাড়াই শুরু করা হয়েছে।
ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের (মোচিক) ২০১৪-১৫ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন শুক্রবার সকাল ১১টার দিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এ বছর এক লাখ ত্রিশ হাজার আখ মাড়াই করে নয় হাজার সাতশ’ পঞ্চাশ টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহের জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান মাহমুদউল হক ভূইয়া, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন মোল্লা, মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মসিউর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক কাজী সেলিমসহ আখ চাষীরা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘আমেরিকা যখন শ্রমিক ছাঁটাই করে শিল্প কারখানা সংকুচিত করছে, তখন আমরা শিল্প প্রতিষ্ঠানে নতুন নতুন শ্রমিক নিয়োগ দিচ্ছি। বন্ধ কারখানা খুলে দিচ্ছি।’
তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা ৭০ ভাগ মানুষকে শিক্ষার আওতায় নিয়ে এসেছি।’
আওয়ামী লীগ এই নেতা বিএনপি-জামায়াতের সমালোচনা করে বলেন, ‘তাদের আন্দোলন মানেই গণহত্যা, শিশুহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট। এ জন্য দেশের মানুষ আর বিএনপি-জামায়াতের আন্দোলনে সাড়া দেয় না।’
জেআই





