মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় শেষ হলো ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করেন। পাপ থেকে মুক্তির মিনতির পাশাপাশি বিশ্বশান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানান মুসল্লিরা।
আজ (১২ জানুয়ারি) রোববার বেলা সোয়া ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলা এই আখেরি মোনাজাতে লাখো মুসল্লি অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।
মোনাজাতের সময় ‘আমিন আমিন’ ধ্বনিতে পুরো টঙ্গী প্রকম্পিত হয়ে ওঠে।
এর আগে রোববার বাদ ফজর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতি বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা।
এদিকে তিনদিনের জামাতের বাইরে সকালে আখেরি মোনাজাতে শরিক হতে রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ স্রোতের মতো ছুটে আসেন ইজতেমা ময়দানে।
ফলে উত্তরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা দক্ষিণে বিমানবন্দর থেকে টঙ্গীমুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে।
৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব অনুষ্ঠিত হবে চারদিন পর আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি। এই পর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।
এবার ইজতেমায় সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় বাইরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ভোগান্তিতে পড়েছেন। ওযু, গোসলসহ দৈনন্দিন কাজে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
এমবি





