বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৫টা থেকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের ফেসবুক আইডি থেকে ময়মনসিংহকে লকডাউন করার তথ্য জানানো হয়।

পরে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, করোনা মোকাবিলায় বর্তমান পরিস্থিতিতে ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যবিধি এবং আইন মেনে চলার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া বলেন, জেলা-উপজেলা মিলিয়ে ৩৮টি চেকপোস্ট দিয়ে প্রবেশ ও বের হওয়া রোধ করা হবে। এক্ষেত্রে জেলার এক উপজেলা থেকে অন্য উপজেলাতে যাতায়াত বিচ্ছিন্ন করা হবে। জরুরি পরিবহন ছাড়া অন্য কোনও পরিবহন চলতে দেওয়া হবে না। এক্ষেত্রে লকডাউন আইন মানতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম বলেন, এখন পর্যন্ত ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া রোগী শনাক্তে মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে দুই শিফটে নমুনা পরীক্ষা চলছে।

ডা. মশিউল আলম আরও বলেন, গত ৩০ মার্চ থেকে ময়মনসিংহে পরীক্ষা শুরুর পর ২৯১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ৬ জনের করোনা পজিটিভ আসে। তবে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মোট ৮ জন চিকিৎসা নিচ্ছেন। এদের দুই জন ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুর থেকে এসেছেন।

এমবি