বর্ধমানের খাগড়াগড়ে বোমা হামলার ঘটনার তদন্ত করবে বাংলাদেশ। এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে জঙ্গিদের নামের তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশে অবস্থানরত ভারতের এনআইএ সদস্যরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেছেন।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইএ সদস্যদের সঙ্গে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, বর্ধমানে বোমা হামলা ঘটনার সঙ্গে জড়িতরা বাংলাদেশে আছে কি-না, তা এখনো আমরা নিশ্চিত নই। তবে এনআইএ সদস্যরা জঙ্গিদের একটি নামের তালিকা দিয়েছেন। হামলার সঙ্গে জড়িত যেসব জঙ্গিদের কথা ভারতীয় প্রতিনিধি দল মনে করছেন, সেটি আমরা যাচাই করে দেখবো। এ নিয়ে তদন্ত করা হবে।
তিনি আরো বলেন, জেএমবির সদস্যরা দুই দেশে যাতে মাথা-চাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারেও দুই দেশ এক সঙ্গে কাজ করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
এর আগে বেলা আড়াইটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের প্রতিনিধি দল বৈঠকে মিলিত হন। সোয়া তিন ঘন্টা এ বৈঠক চলে। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানের নেতৃত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, সিআইডির মহাপরিচালক মোখলেসুর রহমান, র্যা বের মহাপরিচালক মোখলেছুর রহমান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবদুলল আজিজ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
আর চার সদস্যের ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন, এনআইএর মহাপরিচালক শারদ কুমার, আইজি সঞ্জিত কুমার, ডিআইজি অনুরাগ তস্কা ও ডিআইজি সজীব ফরিদ।
জেআই





