বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আগামী চার সপ্তাহের মধ্যে অর্থসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরি হয়, যেটাকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক চুরির ঘটনা।
এখন পর্যন্ত চুরি যাওয়া অর্থ থেকে ২ কোটি ডলার বা প্রায় দেড়শ কোটি টাকা উদ্ধার করা গেলেও বাকি ৫০০ কোটি টাকার কোনো হদিস মেলেনি। এ ঘটনায় এখনো কাউকে অভিযুক্ত করা হয়নি।
এমই





