মানুষকে সঠিক তথ্য জানানোর দায়িত্ব বিটিভিকে পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (বৃহস্পতিবার) বিকেলে বাংলাদেশ টেলিভিশন-বিটিভির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
দেশের সরকার নিয়ন্ত্রিত একমাত্র টেলিভিশনটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বিটিভিকে বেসরকারী টেলিভিশনের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে।
তিনি বলেন, বিগত স্বৈরশাসন ও চারদলীয় জোট সরকারের আমলে বিটিভিকে শুধুমাত্র ক্ষমতাসীনদের গুনগাণ গাওয়ার জন্যই ব্যবহার করা হতো।
তিনি অভিযোগ করেন, অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিভিন্ন সময়ে বিটিভিকে অপব্যবহার করা হয়েছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিটিভির আধুনিকায়নে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বিটিভির কার্যক্রমকে আরও মান সম্পন্ন হতে হবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নানাভাবে বিকৃত করা হচ্ছে এমন অভিযোগ এনে সঠিক ইতিহাস প্রণয়নের ওপর জোর দেন।
কেবি





