নোয়াখালী-ফেনী সড়কে যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা বালু ভর্তি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়। এতে বাসের হেলপার নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন।
রোববার রাত পৌনে ১টার দিকে সেনবাগ উপজেলার ফতেপুর মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম আব্দুল মতিন (৩৮)। তার বাড়ি বরিশালে এবং বাবার নাম সিরাজ উল্ল্যা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রাতে সীমান্ত পরিবহণের একটি যাত্রীবাহী বাস নোয়াখালী-ফেনী সড়ক দিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। বাসটি নোয়াখালীর সেনবাগ উপজেলার ফতেপুর মাদ্রাসার সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এসময় সড়কে থাকা বালু ভর্তি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলে বাসের হেলপার আব্দুল মতিন নিহত হয়। ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়িটি আটক করা হয়েছে। ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
এমকে





