রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
আহত হয়েছে ১২ শিশুসহ ১৭ জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন শিশু, দুই পুরুষ ও একজন নারীও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
বুধবার বিকাল ৪টার দিকে মনিপুরের ১১ রোডের মাথায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত চার শিশুর বয়স ৮-১০ বছরের মধ্যে। আর নারীর বয়স ৩৫ বছর।
নিহতরা হলেন-নুপুর, জান্নাত, শাহিন, রমজান ও রিয়া মনি। নিহতদের মধ্যে দুইজনের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে।
ঢামেকে ভর্তি হওয়া আহতরা হলেন- জুয়েল (২৫), সোহেল (২৬), জান্নাত (২৫), বোন তানিয়া (৮), ভাই বায়েজিদ (৫), জামেলা (৭), অজ্ঞাত পরিচয় শিশু (৫- তার অবস্থা আশঙ্কাজনক), মীম (৮), ওজুফা (৯), মোস্তাকিম (৮), মোরসালিনা (৯), নিহাদ (৮), অর্নব ওরফে রাকিব (১০), জনি (১০) ও সিয়াম (১১)। এদের মধ্যে প্রথম ১৪ জনকে হাসপাতালের জেনারেল বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিয়াম বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার দাস জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই তারা মারা যান।
এএস





