সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রোববার (২৮ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় হাজারো মানুষকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। এছাড়া, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে যাত্রীদের হয়রানির অভিযোগও পাওয়া গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিনে দুর্বিপাকে নগরবাসী। কর্ম ব্যস্ততা আছে, সড়ক নেই গণপরিবহন। সরকারি পরিবহনের দেখা পেলেই তাই ঝুঁকি নিয়েই ওঠার প্রাণান্ত চেষ্টা। আর বাসে ওঠার মতো সৌভাগ্য যাদের হচ্ছে না, তারা চলছেন পায়ে হেঁটেই।

এই সংকটের মধ্যে যারা বেছে নিচ্ছেন বিকল্প পরিবহন, শান্তিতে নেই তারাও। ব্যক্তিগত যান কিংবা সিএনজি চালিত অটোরিকশা এমনকি মোটরসাইকেল চলতেও বাধা দেয়া হচ্ছে। তবে শুধু বাধাই নয়, নগরজুড়ে যাত্রীদের নানা হয়রানি করতেও দেখা গেছে। নগরের কোথাও মটরসাইকেলের প্লাগ খুলে নেয়া হচ্ছে, কোথাও আবার যাত্রী ও ব্যক্তিগত গাড়িতে পোড়া মবিল লাগিয়ে দেয়া হয়েছে।

পরিবহন খাতের নৈরাজ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ঠিক সময়ে পৌঁছাতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানে।

রাজধানীর যাত্রাবাড়ী, মহাখালী ও গাবতলী বাসস্টপ থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। এতে দূরের যাত্রীরা পড়েছেন মহাসংকটে।

তবে, এত নৈরাজ্য অস্বীকার করে পরিবহন ফেডারেশনের নেতারা বলছেন, শান্তিপূর্ণ ভাবে কর্মবিরতি পালন করছেন তারা।

সড়ক পরিবহন আইনের বেশ কয়েকটি ধারা সংশোধনের দাবিতে আটচল্লিশ ঘণ্টার ধর্মঘট পালন করছে শ্রমিক ফেডারেশন।

এসএম