নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাসায় গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

গতকাল (২১ এপ্রিল) রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় একটি বাসায় এই ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- রাকিব (২৫) ও শামীম (৩০)। আহত ৪ জন হলেন- লিয়াকত (৩৫), আরিফুল (৩৬), হজরত আলী (৩০) ও তরিকুল (২৮)।

হতাহত ব্যক্তিরা তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ভুলতা এলাকায় একটি বাসা ভাড়া করে একসঙ্গে থাকতেন তাঁরা। হতাহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ওই বাসার দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে নিহত হন রাকিব ও শামীম। হজরত আলী ও তরিকুল দেয়ালচাপায় আহত হন। লিয়াকত ও আরিফুল বিস্ফোরণে দগ্ধ হন।

উদ্ধারকারীদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আজ (সোমবার) ভোররাত সাড়ে ৪টার দিকে হতাহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে বার্ন ইউনিটে ও দুজনকে ক্যাজুয়ালটিতে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এমবি