মাদারীপুরের মস্তফাপুর কলেজ মাঠ থেকে ইয়াবাসহ কুনিয়া ইউনিয়নের মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতিকেআটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত সভাপতির নাম আসাদুজ্জামান রনি।
সোমবার রাতে তাদের আটক করা হয় বলে জানা যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই জুয়েল হোসেনের নেতৃত্বে মস্তফাপুরের বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের পেছন থেকে কুনিয়া ইউনিয়নের মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান রনিকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে কুনিয়া ইউনিয়নের দীঘলপাড়া গ্রামের মোসলেম শেখের ছেলে। বেশ কিছু দিন ধরে রনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।
অন্যদিকে ডিবি পুলিশের এসআই রাজিব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভাঙ্গাব্রিজ বাজারের ফরাজি রাইস মিল থেকে ২শ’ বোতল ফেন্সিডিলসহ ২ মিল মালিক ইকবাল ফরাজি (৩৭) ও কানা রাসেল (৩৫) কে আটক করে।
আটককৃতরা দীর্ঘদিন ধরে জমজমাটভাবে মাদারীপুর জেলায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মিঞা জানান, এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ





