২০ দলীয় জোটের রাজশাহী বিভাগের ৮ জেলায় ডাকা ৩৬ঘণ্টার হরতাল বগুড়ায় ১২ঘণ্টা বাড়ানো হয়েছে। বগুড়া জেলায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে।
রোববার সকালে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম এক সমাবেশে এ ঘোষণা দেন।
এদিকে, গত ২৪ঘণ্টায় বিএনপি ও জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অবরোধের পাশাপাশি রাজশাহী বিভাগজুড়ে ডাকা হরতালের সমর্থনে সকাল ৯টার দিকে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি। সমাবেশে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ঘোষণা করেন ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী বিভাগে ডাকা ৩৬ঘণ্টার হরতাল আরও বাড়িয়ে বগুড়া জেলায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চলবে। তিনি গণগ্রেপ্তার বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
অপরদিকে সকাল ৮টায় শহরের চারমাথায়, ৯টায় কলোনী এবং সোয়া ১০টায় সাবগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবির। এসময় তারা রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। সাবগ্রামে দ্বিতীয় বাইপাস সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, হরতালে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেআই





