নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝিনা সুতিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নাছিমা বেগম (৪০), শিরিনা আক্তার (২৫), বুলবুল মিয়া (২৫), সিরাজুল ইসলাম (৪৫), আবুল বাশার বাদশা (২৬), মাতিন মিয়া (২৫) ও হুমায়ুনকে (৩০) রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেখানে আবুল বাশার বাদশার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝিনা সুতিরপাড়া এলাকার আব্দুল রশিদের সঙ্গে একই এলাকার সিরাজুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে ওই জমিতে আব্দুল রশিদ গাছের চারা রোপণ করতে গেলে সিরাজুল ইসলাম বাধা দেন।

এ নিয়ে দু’গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১২ জন আহত হন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে।

এমই