সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রভাষক প্রণব ঘোষ বাবলুর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত দেড়টার দিকে তালা উপজেলার হরিচন্দ্রকাটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে তালা হাসপাতাল পরে খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বর্তমান চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার রাজু আহমেদ দল থেকে মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

বাবলুর সমর্থকরা অভিযোগ করেন, রাজুর লোকজনই এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে সরদার রাজু আহমেদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তালা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমই