প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাশকতার জন্য যারা দায়ী তারা জনগণের শত্রু। জাতিসংঘ সম্মেলন উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন।

লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আয়োজন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ এ কে মোমেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, আত্মবিশ্বাস থাকলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। হা-হুতাশ করলে কিছুই পাওয়া যায় না। কাজেই আমরা আত্মবিশ্বাস নিয়ে চলছি, এ বিশ্বাসে বলিয়ান হয়েই চলব।

সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রতি বছর দেশে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেও তিনি এসডিজি সম্মেলনে অংশ নিতে আসায় এবার তা সম্ভব হচ্ছে না। গণভবনের দরজা সকলের জন্যে খোলা থাকে। ধনী-গরিব সকলে একাকার হয়ে শুভেচ্ছা জানাতে আসেন। এবার পারলাম না বলে দুঃখিত। তবে, আপনাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারছি। প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম সেটি ঘটল। এটিও আমার কম পাওয়ার নয়।

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সেখানে (নিহতদের মধ্যে) চার বাংলাদেশি মহিলার নামও পাওয়া গেছে। তাদের জন্যে আমি দুঃখ প্রকাশ করছি। সৌদি আরবে আমাদের লোক রয়েছেন, তারা সার্বক্ষণিকভাবে খোঁজ-খবর নিচ্ছেন। আমিও যোগাযোগ রাখছি।

প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠান মঞ্চে শেখ হাসিনার পাশেই ছিলেন।

অনুষ্ঠানে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোরবানি দেওয়া ৫টি খাসির মাংস দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা। প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

২৭ সেপ্টেম্বর এ সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

কেএইচ