শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারসহ দুই দফা দাবিতে কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার সকাল আটটায় ধর্মঘট শুরু হয়েছে। এতে কিশোরগঞ্জে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সংগঠনের নির্বাচনকে সামনে রেখে সোমবার রাতে শহরের একরামপুরে অবস্থিত জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে ঢাকার কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। সভা চলাকালে জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে শতাধিক লোক কার্যালয়ে এসে হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনায় রাতেই শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কায়সার আহম্মেদ কাইয়ুম বাদী হয়ে সিরাজুলসহ বেশ কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে সকাল থেকে এ ধর্মঘট কর্মসূচি পালিত হচ্ছে।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া বলেন, সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে সভায় কথা হচ্ছিল। এসময় কোনো কারণ ছাড়াই সিরাজুল ইসলাম আমাদের ওপর হামলা চালায়।
তার অভিযোগ, হামলাকারীরা এসময় কার্যালয়ের ক্যাশে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেন ও কমপক্ষে ২৫টি চেয়ার ভাঙচুর করেন।
কেএইচ





