মৌলভীবাজার-৩ আসনে উপনির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সৈয়দা সায়রা মহসিন।

তিনি প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী।

রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এ ছাড়াও বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এ আসনে মনোনয়নপ্রত্যাশীরা ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ প্রমুখ।

গত ৩০ অক্টোবর মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী ৮ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহার ২২ নভেম্বর।

গত ১৪ সেপ্টেম্বর সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসন (মৌলভীবাজার-রাজনগর) শূন্য ঘোষণা করা হয়।

এমকে