প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব আইনি প্রক্রিয়া শেষে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে ১৪২ আসামিকে। এরই মধ্যে মুক্তি দেওয়া হয়েছে ৭৩ জনকে। বাকি ৬৯ জনকে আজ সোমবার মুক্তি দেওয়া হবে।
গতকাল রোববার সন্ধ্যায় সাংবাদিকদের একথা জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
তিনি বলেন, লঘু অপরাধে বিভিন্ন মামলায় কারাগারে আটক আসামিরা তাদের ‘অপরাধ স্বীকার করায়’ প্রধানমন্ত্রীর নির্দেশে সব আইনি প্রক্রিয়া শেষে আজকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ আসামিকে মুক্তি দেয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইজি প্রিজন।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রবিবার সন্ধ্যায় আদালত থেকে ১৪২ জনের মুক্তি দেওয়ার আদেশ আসে। সব প্রক্রিয়া সম্পন্ন করে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে রাত সাড়ে ৯টায় ১৪২ জনের মধ্যে ৭৩জনকে মুক্তি দেওয়া হয়। এরমধ্যে সাত জন নারী ছিলেন। বাকিদের আগামীকাল সোমবার সকাল ১০টায় মুক্তি দেওয়া হবে। ১৪২ জনের মধ্যে মহানগর পুলিশ অ্যাক্ট আইন, ছিনতাই ও চুরি মামলার আসামি রয়েছে। এদের অনেকেই দোষ স্বীকার করেছে। অনেকের সাজা ভোগ শেষ হয়েছে।’
জেড





