মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সাবেক মন্ত্রী আব্দুল আলীমের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বিকাল ৩টার দিকে জয়পুরহাট থানা রোড সংলগ্ন পারিবারিক করবস্থানে তার মা-বাবার পাশে তাকে দাফন করা হয়। এর আগে জয়পুরহাট স্টেডিয়ামে জানাযা সম্পন্ন হয়।
সোমবার বেলা ১১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে তার মৃতদেহ জয়পুরহাটে এসে পৌঁছলে তার ভক্ত-অনুরাগী, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দেখতে ভিড় জমায়।
জয়পুরহাট স্টেডিয়ামে নামাজে জানাজার আগে স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন- জয়পুরহাটের সাবেক সংসদ সদস্য ও প্রবীন আওয়ামী লীগ নেতা আব্বাস আলী মণ্ডল, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আইনজীবী আবু ইউসুফ মো. খলিলুর রহমান, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান, জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জয়পুরহাট পৌরসভার মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা জামায়াতের নায়েবে আমীর আতাউর রহমান, আব্দুল আলীমের বড় ছেলে ফয়সল আলীম প্রমুখ।
আব্দুল আলীমের নামাজে জানাজায় ইমামতি করেন জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মা. আব্দুল মতিন।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





