রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাস উল্টে কেয়ামুল হক রাজু (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার জিগালায় এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তারাগঞ্জ থানার ওসি প্রতাপ সরকার।
নিহত রাজু নীলফামারীর সৈয়দপুর উপজেলার রসুলপুর গ্রামের মাজহারুল মুন্সির ছেলে। আহতদের মধ্যে সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি প্রতাপ জানান, রংপুর থেকে দিনাজপুরগামী বিআরটিসির বাসটি একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী কেয়ামুল।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক বিমল কুমার বর্মণ জানান, হাসপাতালে চিকিৎসাধীন সাতজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেএইচ





