বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সঠিক সংখ্যা নির্ণয়ে ছয় জেলায় প্রথমবারের মতো শুমারির প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকার।
পরিসংখ্যান ব্যুরো এর তত্ত্বাবধান করছে এবং সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। বৃহস্পতিবার ভয়েস অব আমেরিকা অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার থেকে শুরু হচ্ছে খানা জরিপ বা পরিবারভিত্তিক তালিকা তৈরির কাজ। এটি চলবে পাঁচ দিন। আর ব্যক্তি গণনা চলবে মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত।
রোহিঙ্গা শরণার্থীদের প্রকৃত সংখ্যা নিয়ে সরকারি ও বেসরকারি তথ্যগত বিভ্রান্তি আছে। সরকারের তালিকাভুক্ত রোহিঙ্গাদের সংখ্যা ৩২ হাজার।
কিন্তু বেসরকারি হিসেবে এই সংখ্যা পাঁচ লাখের মতো।রোহিঙ্গা শুমারি হবে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি এবং পটুয়াখালী জেলায়।
কর্মকর্তারা জানিয়েছেন, গণনার কাজ শেষ হলে রোহিঙ্গাদের পরিচয় পত্র দেয়া হবে।
রোহিঙ্গা শুমারির কারণ সম্পর্কে আইওএমের মুখপাত্র আসিফ মুনীর বলেছেন, এর ফলে একটি সঠিক চিত্র পাওয়া যাবে।
এআই





