অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম লাইটারেজ জাহাজ শ্রমিকরা।

লক্ষ্মীপুর জেলায় নৌরুটে একটি লাইটারেজ জাহাজে ডাকাতি ও ৯ শ্রমিককে অপহরণ করে নিয়ে যাওয়ার প্রতিবাদে শনিবার সকাল থেকে লাইটারেজ জাহাজ ও নৌযান শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দিয়েছে।

ধর্মঘটের ফলে শনিবার চট্টগ্রাম সমুদ্রবন্দরে বিভিন্ন বিদেশি জাহাজ থেকে লাইটারেজ জাহাজের মাধ্যমে পণ্য খালাস, বোঝাই এবং পরিবহণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম  জানান, শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দর থেকে সিমেন্টবোঝাই একটি লাইটারেজ জাহাজ বাঘাবাড়ীর উদ্দেশে যাওয়ার সময় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাতিলখাল এলাকায় রাত ২টার দিকে উক্ত জাহাজে হামলা চালায় ডাকাতরা। পরে সকালে বিষয়টি জানার পর দেখা যায়, ডাকাতদের আক্রমণের পর ওই জাহাজে থাকা ১১ শ্রমিকের মধ্যে দুজন ছাড়া অন্য নয়জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, ডাকাতরা তাদের তুলে নিয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে লাইটারেজ জাহাজ ও নৌযান শ্রমিকরা সকাল থেকে ধর্মঘট শুরু করে।

সারা দেশে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট পালন করা হচ্ছে বলে শ্রমিকনেতা নবী আলম জানান।

জেআই