হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট ও ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় টাস্কফোর্স চোরচালান বিরোধী এক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, স্টিলসামগ্রী, যৌন উত্তেজক বড়িসহ বিভিন্ন পণ্যসামগ্রী উদ্ধার করেছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম ও জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল আব্দুর রাজ্জাক তরফদারের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে ভারতের ১৪ হাত কালির মেলা দেখতে যাওয়া বাংলাদেশিদের কাছ থেকে এ সব পণ্য উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

উদ্ধারকৃত পণ্যগুলো হলো- যৌন উত্তেজক বড়ি সেনেগ্রা ৪৬ হাজার তিনশ’ পিস, কম্বল (বড়) ৭১টি, কম্বল (ছোট) ১৪টি, লেডিস চাঁদড় ২২৭টি, বেডশিট ৭৪টি, শাড়ি ২২টি, ফ্লোরমেট ২৫টি, থ্রি-পিস ২০টি, কোদাল ১৫৩টি, ভ্যানেটি ব্যাগ ৪২টি, সোয়েটার ১৬৫টি, প্রেসার কুকার ১২টি, রাইসকুকার ২টি, রুটি ভাজা তাওয়া ৯৮টিসহ সর্বমোট ৭৪ প্রকার ভারতীয় সামগ্রী। উদ্ধার হওয়া এ সব মালামালের সর্বমোট মূল্য ৮৭ লাখ ৬৬ হাজার তিনশ’ টাকা।

উদ্ধার হওয়া পণ্যগুলি সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী জানান।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম  বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জেআই