নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করার পর ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।   

রোববার রাতে সদর উপজেলার ফতুল্লার থানা উত্তর বক্তাবলী এলাকার সোনালী সংসদ ক্লাব থেকে তাদের উদ্ধার করা হয়।   

উদ্ধার হওয়া দু'জন হলেন- কিশোরগঞ্জ জেলার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ফরজুল ইসলাম (২৮) এবং সুনাম উদ্দিনের ছেলে কামারুজ্জামান (২৬)।   

এ ঘটনায় আটক দু'জন হলেন- ফতুল্লা থানার উত্তর গোপাল নগর গ্রামের মৃত রসুন বেপারীর ছেলে সাহাবুদ্দিন (৭০) এবং একই গ্রামের সাহাবুদ্দিনের ছেলে মোস্তফা কামাল (৩২)।   

নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকাতে র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সুরুজ মিয়া জানান, সাহাবুদ্দিন এবং মোস্তফা কামাল কিশোরগঞ্জের ফরজুল ইসলাম এবং কামারুজ্জামানকে তিনদিন আগে অপহরণ করে সোনালী সংসদ ক্লাবে আটকে রাখেন।

এ সময় তাদের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেন তারা। তাদের চাহিদা অনুযায়ী মুক্তিপণ না দিলে তাদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। 

গোপন সংবাদে বিষয়টি জানতে পেরে র‌্যাব ঘটনাস্থল থেকে দুই জনকে উদ্ধার করে। এ বিষয়ে ফতুল্লা থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

এসএইচ