খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন। আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ ধর্মঘট।
সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা বন্ধ করতে হবে, শাস্তির মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে সাত বছর করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে, এমন দাবিসহ চার দফা দাবি আদায়ে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে।
মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এক শ্রমিক সমাবেশে এ ঘোষণা দেন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টু।
সমাবেশে বক্তারা বলেন, যানবাহন পরীক্ষার নামে ওয়েব্রিজ স্কেল (পণ্যবাহী যানবাহনের ওজন পরিমাপের জন্য) বসিয়ে দুর্নীতি ও হাইওয়ে পুলিশসহ সকল পুলিশি জুলুম, ফেরিঘাটে অনিয়ম, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। নইলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হবিবুর রহমান হবুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া প্রমুখ।
জেআই





