গার্মেন্টস শিল্পে কর্মরত নারী শ্রমিকদের জন্য আবাসন সুবিধা ও পেনশনের দাবি জানিয়েছে রেডিমেড গার্মেন্টস (আরএমজি) ক্লাব।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।

সংগঠনটির সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘গার্মেন্টস মালিকরা শ্রমিকদের শ্রমের উপর দাঁড়িয়ে কোটি কোটি টাকা মুনাফা করে নিচ্ছে। তারা রাতারাতি গাড়ি-বাড়ির মালিক হলেও শ্রমিকরা থাকার জন্য সামান্য জায়গাটুকুও পায় না। ফলে নারী শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হচ্ছে। শ্রমিকরা ২০ থেকে ২৫ বছর চাকরি করে ছেড়ে যাওয়ার সময় তাদের খালি হাতেই ফিরতে হয়।’

তাই দেশের অর্থনৈতিক বৃহত্তর স্বার্থে গার্মেন্টস শিল্পের নারী শ্রমিকদের আবাসন সুবিধা ও পেনশনের ব্যবস্থা চালু করতে সরকার ও মালিকপক্ষের প্রতি দাবি জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য লাভলী ইয়াসমিন, সাহিদা সরকার, সুলতানা বেগম, শামিমা আক্তার শিরিন প্রমুখ।

এএইচ