নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গেলে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
কুষ্টিয়ার মিরপুর নয়মাইল এলাকায় বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলম মণ্ডল (৫৫), জাহিদুল (৪০), নুরে আলম (৫৫) ও পারভেজ (৩৪)। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়পুরহাট থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুর আটরশির মাজারে যাত্রী নিয়ে যাচ্ছিল।
বাসটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়রের কাচারীবাড়ি এলাকায় যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আর ৩০ যাত্রী আহত হন। নিহত ও আহতদের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর এলাকায় বলে জানা গেছে।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, বাসটিতে ৫২ জনের মতো যাত্রী ছিল। তাদের সবার বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর এলাকায়।
তারা আটরশির জাকের মঞ্জিলে যাচ্ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন মারা যান।
খবর পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। আর আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এআর





