বুধবার (৮ জানুয়ারি) বিকেলে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে দুদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনার পর অনুষ্ঠিত পতাকা বৈঠকের আয়োজন করা হয়। পতাকা বৈঠকে বিএসএফ ও বিজিবির হেড কোয়ার্টার থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে বলে জানায় বিজিবি।

৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, চৌকা সীমান্তে ১৭৭-এর ২ এস এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন করছিল বিএসএফ। এসময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়।

এতে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। পরে দুপুরে বিজিবির অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুই পক্ষ আলোচনার মধ্যেমে বিএসএফ বা বিজিবির হেড কোয়াটারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।

এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) থেকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণে বাধা দেয়াকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

একই বিষয়ে বিকেলে ভারতের মহদীপুরে সেক্টর কামান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসএম