মহাসড়কের বিভিন্ন স্থানে আটটি ফিটনেসবিহীন গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড়ে শুক্রবার সকালে যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী এ সময় ফিটনেসবিহীন গাড়ির মালিক-শ্রমিকদের প্রতি আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নিদের্শ দেওয়া হয়েছে বলেও জানান।

এবারের ঈদে সড়ক-মহাসড়কগুলোতে গাড়ির সঙ্কট আছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে কোনো গাড়ির সঙ্কট নেই। এ ছাড়া সঙ্কট মোকাবেলায় ৭০টি বিআরটিসি বাস প্রস্তুত রাখা হয়েছে।

তবে রাজধানী থেকে ঘরফেরা মানুষকে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। রাস্তায় যানজটের কারণে সঠিক সময় গাড়ি না আসায় অনেককে রাস্তায় রাত কাটাতে হয়েছে।

পরিদর্শন শেষে মন্ত্রী গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকার যানজট পরিদর্শন করতে যান। এ সময় ঢাকা জেলার পুলিশ সুপারসহ সড়ক ও জনপথের কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ