স্ত্রীকে হত্যার দায়ে স্বামী বিপ্লব হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুষ্টিয়ার আদালত।
বুধবার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক আসাদুজ্জামান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত বিপ্লব হোসেন কুমারখালী উপজেলার খোর্দ্দা তারাপুর গ্রামের মোজ্জাফর হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালে পারিবারিক সম্মতিতে বিপ্লবের সঙ্গে খোকসা উপজেলার সিরাজপুর (কমলাপুর) গ্রামের মমিনুর রহমানের মেয়ে মনিরা খাতুনের (১৯) বিয়ে হয়। কয়েক মাস যেতে না যেতেই যৌতুকলোভী বিপ্লব মোটা অংকের টাকার জন্য মনিরাকে শারীরিক নির্যাতন চালাতে থাকে।
ঘটনার দিন ২০১২ সালের ২০ মার্চ রাতে যৌতুকের টাকা না পেয়ে মনিরা খাতুনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বিপ্লব।
এ ঘটনায় মনিরার বাবা মমিনুর বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বিপ্লবের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন প্রমুখ।
কেএইচ





