সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠতে হবে। অতীতের সরকারের সময়ে ভারতের সঙ্গে যে ধরনের সম্পর্ক তৈরি হয়েছিল, বাংলাদেশ সেই ধরনের সম্পর্ক চায় না।

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়ার বিষয়টিও প্রতিবেশীসুলভ আচরণ নয় বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আগ্রহের দৃশ্যমান কোনো লক্ষণ তিনি দেখছেন না বলেও জানান।

ভোলার গ্যাস সম্পদ নিয়ে স্পিকার বলেন, দেশে মোট গ্যাসের মজুত প্রায় ৭ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ), এর মধ্যে ভোলায় রয়েছে প্রায় ৩ টিসিএফ। এই গ্যাস কাজে লাগিয়ে ভোলায় শিল্প-কারখানা গড়ে তোলার বড় সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ভোলায় গ্যাস থাকায় এখানে শিল্প-কারখানা গড়ে উঠবে। বর্তমান সরকারও ভোলার গ্যাস কীভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায়, তা নিয়ে পরিকল্পনা করছে।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ভোলার গ্যাস উত্তোলনে সক্ষম। এই গ্যাস যথাযথভাবে ব্যবহার করা গেলে ভোলার শিল্পায়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এস